জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন উমামা ফাতেমা - দিগন্ত জার্নাল

জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন উমামা ফাতেমা

প্রতিবেদক: ফারজানা রুবি

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান তিন দফা দাবিনির্ভর আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর অন্যতম নেতৃত্ব উমামা ফাতেমা। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সংহতি প্রকাশ করেন।

পোস্টে উমামা লেখেন, “আমি উমামা ফাতেমা, একজন ছাত্র নেতৃত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে আমরা প্রতিদিন মিছিল করতাম। সেই মিছিলে প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল এসে যোগ দিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাই সেই আন্দোলনে শহীদ হন। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই অবদানকে সবসময় উপেক্ষা করা হয়েছে।”

উমামা ফাতেমা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওপর বিভিন্নভাবে বৈষম্য করা হয়েছে, যা এখনো বহাল আছে। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক আন্দোলনের ধারক, কিন্তু তাদের দাবি উপেক্ষিত হচ্ছে। এই অবিচার আর সহ্য করা যায় না। আমরা তাদের ন্যায্য দাবি আদায়ে পাশে আছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন—বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন ব্যবস্থা নিশ্চিত, সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে। এই দাবিগুলোকে কেন্দ্র করে ক্যাম্পাসে টানা কর্মসূচি পালন করে আসছেন তারা।

an adbox will go here