টাঙ্গাইলের নাগরপুরে পাঠ্যবইবোঝাই ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার , (১৬ মে ২০২৫) টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবইবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বই বিক্রির খবর পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বিদ্যালয়ে উপস্থিত হন।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি পাঠ্যবই কেজি প্রতি ২০ টাকা দরে বিক্রি করে দেন। ট্রাকবোঝাই বই মির্জাপুরে পাঠানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউএনওকে খবর দেন। পরে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা দুপুর ১টার দিকে স্কুল ক্যাম্পাসে গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ জানান, ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং চার দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, “বই বিক্রির বিষয়টি আমি জানি না।”
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বইসহ ট্রাক থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মজিবর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।