ব্যাংককে ভবন ধসে শতাধিক নিহত, প্রেমচাইসহ ১৫ জনের আত্মসমর্পণ - দিগন্ত জার্নাল

ব্যাংককে ভবন ধসে শতাধিক নিহত, প্রেমচাইসহ ১৫ জনের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক:
মার্চে মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ধসে পড়ে নির্মাণাধীন একটি ভবন। এতে প্রাণ হারান প্রায় ১০০ শ্রমিক। এ ঘটনায় রিয়েল এস্টেট কোম্পানি ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট-এর প্রেসিডেন্ট প্রেমচাই কার্নাসুতাসহ ১৫ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ভূমিকম্পটির উৎপত্তি ছিল মিয়ানমারে, তবে প্রবল কম্পনে ব্যাংককের ৩০ তলা স্টেট অডিট অফিস ভবনটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। ছয় সপ্তাহব্যাপী উদ্ধার অভিযানে ৯২টি মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। মিয়ানমারে এ ভূমিকম্পে নিহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

নকশা ও নির্মাণে অনিয়ম ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার নোপ্পাসিন পুনসাওয়াত জানান, অভিযুক্তরা বিভিন্ন নকশা ও নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিশেষজ্ঞদের তদন্তে দেখা গেছে, স্থাপত্য নকশা সরকারি মানদণ্ড পূরণ করেনি, টেন্ডার অনুযায়ী মান নিশ্চিত করা হয়নি, এবং ব্যবহার করা হয়েছে নিম্নমানের কংক্রিট ও স্টিল। এমনকি প্রকৌশল ডকুমেন্টে জাল স্বাক্ষরের প্রমাণও মিলেছে।

ঘটনার পর দুর্নীতি নজরদারি সংস্থা দুর্ঘটনায় অনিয়মের আশঙ্কা করেছিল। পরবর্তীতে সংগৃহীত নমুনা পরীক্ষায় সেই অভিযোগের সত্যতাও পাওয়া যায়। রয়টার্স জানিয়েছে, অভিযুক্তরা বর্তমানে আদালতে বিচারপূর্ব কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং আরও দুইজন আগামী সোমবার আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।

সরকারি তদন্তে সহযোগিতা ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি জানিয়েছে, তারা সরকারি তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।

প্রসঙ্গত, প্রেমচাই কার্নাসুতা ২০১৮ সালে সংরক্ষিত এলাকায় বিরল প্রজাতির চিতা শিকারের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২০২১ সালে সাড়ে তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন।

an adbox will go here