পুশইন ইস্যুতে বাংলাদেশ কঠোর অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (১৭ মে ২০২৫) শ্যামনগর (সাতক্ষীরা) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে পুশইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করা ব্যক্তিদের মধ্যে যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক থাকে, তাহলে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। তবে ভারতের নাগরিক কিংবা দেশটির ভূখণ্ড থেকে আসা রোহিঙ্গা হলে তাদের আনুষ্ঠানিক কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে।
শনিবার সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বর্ডার গার্ড বাংলাদেশের ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত যদি দাবি করে যে বাংলাদেশিরা তাদের ভূখণ্ডে অবস্থান করছে, তাহলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। কিন্তু পুশইন করে বাংলাদেশে পাঠানো অনভিপ্রেত এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত মান্দারবারি সীমান্ত দিয়ে আগে একবার পুশইন করেছিল, বিষয়টি পরিদর্শন করে দেখা হয়েছে এবং ভারতকে জানানো হয়েছে—এভাবে কাউকে পাঠানো সঠিক নয়। বাংলাদেশ কখনো পুশইন করে না, বরং আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে ফেরত পাঠায়।
তিনি আরও বলেন, সুন্দরবনসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে থেকে আসা পুশইন ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা, এমনকি ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তি পর্যন্ত রয়েছেন। বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ড. খলিলুর রহমানসহ রাষ্ট্রদূত ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইনের সাম্প্রতিক চেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল ভারতের পুশইনের চেষ্টা বিজিবি, আনসার ও স্থানীয় জনগণের সক্রিয় প্রতিরোধে ব্যর্থ হয়েছে। জনগণ এবং সাংবাদিকদের সহায়তা ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়।”
তিনি বলেন, সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথেই অগ্রসর হচ্ছে। জনগণ ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত সহযোগিতা থাকলে ভারত এ ধরনের পুশইন আর করতে পারবে না।