মমতাজকে ঢাকার আদালতে পিপির প্রশ্ন: ‘আপনার স্বামী কয়জন?’
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (১৭ মে ২০২৫) ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে মো. সাগরকে হত্যার মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
রিমান্ড শেষে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিংকন জামিন আবেদন করে বলেন, “ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। শারীরিকভাবে অসুস্থ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।”
শুনানিকালে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, “মমতাজ বেগম সাধারণ রাস্তা থেকে সংসদে গিয়েছেন। সেখানে গানের জলসা করেছেন, বিরোধীদের অসম্মান করেছেন। এমন একজন সংসদকে কলুষিত করেছেন।” এরপর আদালতের মধ্যেই পিপি সরাসরি প্রশ্ন করেন, “আপনার স্বামী কয়জন? নাম কী?”
এই প্রশ্নে আদালত কক্ষে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন। বিচারক সঙ্গে সঙ্গে পিপিকে থামিয়ে দেন এবং বলেন, “আপনি মামলার বিষয়ে বলুন, ব্যক্তিগত প্রশ্ন নয়।”
পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, গত ১২ মে রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং পরদিন ১৩ মে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।