গাজায় ইসরাইলি সেনার ৩ দিনে নৃশংস হামলায় নিহত ১৮৪ ফিলিস্তিনি
আন্তর্জাতিক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত তিন দিনে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ১৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গাজার মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।
রোববার (৫ জানুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী গত ৭২ ঘণ্টায় গাজা শহরের বেসামরিক ও আবাসিক এলাকাগুলোতে ৯৪টিরও বেশি হামলা চালিয়েছে।
মিডিয়া অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে কয়েক ডজনের মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকাজ চালানোর সক্ষমতা না থাকায় অনেক মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ উঠেছে।