৬১ আওয়ামীপন্থি আইনজীবীর জামিন স্থগিত, দুই সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, (১৯ মে ২০২৫) গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সোমবার (১৯ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি, তাদের জামিন প্রশ্নে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।
এর আগে গত ২২ এপ্রিল হাইকোর্টে জামিন পেয়েছিলেন হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামীপন্থি ৬১ আইনজীবী। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২৯ এপ্রিল চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশ ৫ মে পর্যন্ত স্থগিত করেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
মামলার সূত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে ১১৫ জন উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষে ৬ এপ্রিল ৮৩ জন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তখন সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ ১৮ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। পালিয়ে যাওয়ায় তিনজনকে কারাগারে পাঠানো হয় এবং বাকি ৬১ জন আইনজীবীকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠান আদালত।
মামলাটি বর্তমানে উচ্চ আদালতের নজরদারিতে রয়েছে এবং জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তির পরই আসামিদের জামিন ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।