আইপিএলের প্লে-অফে তিন দল, চতুর্থ স্থান নিয়ে টানটান লড়াই - দিগন্ত জার্নাল

আইপিএলের প্লে-অফে তিন দল, চতুর্থ স্থান নিয়ে টানটান লড়াই

স্পোর্টস ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) চলমান ১৮তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল—গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। চতুর্থ ও শেষ প্লে-অফ স্পটের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।

এবারের আইপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। শুভমান গিলের নেতৃত্বাধীন দলটি ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।

চতুর্থ স্থানের লড়াইয়ে এগিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটি এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ দুই ম্যাচে দিল্লি ও পাঞ্জাবের বিপক্ষে জয় পেলে পয়েন্ট দাঁড়াবে ১৮, ফলে সহজেই প্লে-অফ নিশ্চিত হবে।

এদিকে দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে আছে ১৩ পয়েন্ট, ১২ ম্যাচ শেষে পঞ্চম স্থানে তারা। বাকি দুই ম্যাচ মুম্বাই ও পাঞ্জাবের বিপক্ষে—যদি দুই ম্যাচেই জেতে, তবে পয়েন্ট হবে ১৭, তখন প্লে-অফে ঢুকে পড়ার ভালো সম্ভাবনা থাকবে। তবে একটি ম্যাচ হারলে বিদায় নিশ্চিত।

তালিকার সপ্তম স্থানে থাকা লখনৌ সুপার জায়ান্টসেরও প্লে-অফে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা টিকে আছে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হায়দরাবাদ, গুজরাট ও বেঙ্গালুরুর বিপক্ষে জয় পেলে ১৬ পয়েন্টে পৌঁছাবে। তবে শুধু জয় নয়, তাকিয়ে থাকতে হবে রানরেট ও অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।

an adbox will go here