মুজারাবানি এবার আইপিএলে, খেলবেন কোহলিদের হয়ে
স্পোর্টস ডেস:
সোমবার, (১৯ মে ২০২৫) সিলেট টেস্টে বাংলাদেশকে ধসিয়ে দেওয়া জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবার আইপিএলের মঞ্চে। তাকে দলে ভিড়িয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে আইপিএলের ১৮তম আসরে খেলবেন এই দীর্ঘদেহী গতিমান পেসার।
এনগিডি ২৬ মে নিজ দেশে ফিরছেন। ফলে ২৫ মে পর্যন্তই তাকে দলে পাবে আরসিবি। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে মুজারাবানিকে নিতে ৭৫ লাখ রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই ২৮ বছর বয়সি পেসারকে অস্থায়ী বদলি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছে দলটি।
এটাই মুজারাবানির প্রথম আইপিএল খেলা। তবে এর আগে তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), আইএল টি-২০ এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন। ২০২২ সালে আইপিএলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে ছিলেন তিনি।
মুজারাবানি জিম্বাবুয়ের হয়ে ইতোমধ্যে ১২টি টেস্ট, ৫৫টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সিলেট টেস্টে বাংলাদেশকে নাকানি-চুবানি খাইয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। তবে এখনই আরসিবি শিবিরে যোগ দিচ্ছেন না তিনি।
আগে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক চারদিনের টেস্ট ম্যাচ খেলবেন ট্রেন্ট ব্রিজে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত। এরপর ২৬ মে ভারতে আসবেন মুজারাবানি। প্লে-অফ নিশ্চিত করা আরসিবি তাদের শেষ লিগ ম্যাচে ২৭ মে মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। সেই ম্যাচেই মাঠে নামতে পারেন টাইগারদের কাঁপানো এই আফ্রিকান স্পিডস্টার।