ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দুই সন্তান নিয়ে স্বামীর পলায়ন - দিগন্ত জার্নাল

ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দুই সন্তান নিয়ে স্বামীর পলায়ন

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার , (২০ মে ২০২৫) নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন এলাকায় স্ত্রী লাকি আক্তারকে (২৬) শ্বাসরোধে হত্যার পর দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন তার স্বামী কসাই শিপন (৪০)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফজলু মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন লাকির মরদেহ শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাকি আক্তার পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। তার ভাগিনা ইমাম হোসেন জানান, প্রেম করে বিয়ে করেছিলেন লাকি ও শিপন। তাদের সংসারে ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা রেলস্টেশন এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

রাতেই শিপন পরিবারের সদস্যদের ফোনে জানায়, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন গিয়ে বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। বাড়িওয়ালার সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে তারা লাকির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। গলায় আঘাতের চিহ্ন এবং চাদর দিয়ে শরীরের অর্ধেক ঢাকা ছিল। তাৎক্ষণিকভাবে তাকে খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী শিপন দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এটি একটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে লাকিকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

an adbox will go here