ইসরাইলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ব্রাজিলের আদালতের - দিগন্ত জার্নাল

ইসরাইলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ব্রাজিলের আদালতের

আন্তর্জাতিক:
ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ব্রাজিলের একটি আদালত ইসরাইলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত সেনা বর্তমানে ব্রাজিলে পর্যটক হিসেবে অবস্থান করছেন। এই অভিযোগের ভিত্তিতে আদালতের এই নির্দেশকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ)।

এইচআরএফ অভিযোগ করেছে, অভিযুক্ত সেনা গাজায় ইসরাইলের গণহত্যামূলক অভিযানের অংশ হিসেবে বেসামরিকদের ঘরবাড়ি ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সংস্থার আইনজীবী মাইরা পিনহেইরো জানান, অভিযুক্ত সেনার কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে ভিডিও ও ছবি আদালতে উপস্থাপন করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। এ সময়ে প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন, আর গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন লক্ষাধিক।

(খবর: টিআরটি ওয়ার্ল্ড)

an adbox will go here