সিংগাইরে স্কুলছাত্র রাহুলকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাং দায়ী, আটক ২
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার, (২০ মে ২০২৫) মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় রাহুল ইসলাম খান (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাহুল ইসলাম খান ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে। তিনি স্থানীয় এক বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাহুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে খালপাড় এলাকায় সড়কের পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় পাশ্ববর্তী কামুড়া গ্রামের কিশোর গ্যাং সদস্যরা সেখানে এসে পূর্ব শত্রুতার জেরে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা রাহুল ও তার বন্ধুদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সবাই পালিয়ে গেলেও রাহুল পালাতে না পারায় তাকে ধরে ফেলে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।