বালাগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী সিফাউলের মৃত্যু - দিগন্ত জার্নাল

বালাগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী সিফাউলের মৃত্যু

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার , (২১ মে ২০২৫) সিলেটের বালাগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সিফাউল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বালাগঞ্জ-তাজপুর সড়কের ইলাশপুর পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিফাউল উপজেলার সদর ইউনিয়নের পীরপুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিফাউল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছে ধাক্কা লাগে। সংঘর্ষে তিনি ছিটকে পড়ে গিয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। তবে পেছনে থাকা আরেক আরোহী অক্ষত ছিলেন।

সিফাউলের চাচাতো ভাই হামিদ আলী জানান, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সিফাউলের কিছুদিনের মধ্যেই ইউরোপে যাওয়ার কথা ছিল। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল পরিবারের ভরসা। তার অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম।

an adbox will go here