লেবাননে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তাগিদ রেডক্রসের - দিগন্ত জার্নাল

লেবাননে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তাগিদ রেডক্রসের

ইন্টারন্যাশনাল ডেস্ক:
(৫ জানুয়ারি ২০২৫) লেবাননের যুদ্ধক্ষেত্রে চলমান উত্তেজনা কমাতে গত ২৬ নভেম্বর ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি সই হয়। তবে, এই যুদ্ধবিরতি চলতি মাসের ২৬ জানুয়ারি সমাপ্ত হওয়ার কথা থাকলেও, লেবাননের বাসিন্দারা এখনও ইসরাইলি বর্বরতার কারণে ক্ষতিগ্রস্ত। নতুন করে যুদ্ধ শুরু হলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে।

এমন পরিস্থিতিতে, শনিবার লেবানন সফরকালে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক জানান, লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ অবিলম্বে বাড়ানো উচিত। তিনি বলেন, “বেসামরিকরা যুদ্ধবিরতি বাতিলের সামর্থ্য রাখে না, এবং যদি তাদের আবার ভারী যুদ্ধের মুখোমুখি করা হয়, তবে তা আরও মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে।”

তিনি আরও যোগ করেন, “বাস্তচ্যুত পরিবারগুলোকে তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করতে যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য।”

এই যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সম্পাদিত হয়, যার আওতায় ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের লাতিনি নদীর উত্তর থেকে সরিয়ে নেবে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না। তবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিন পরই ইসরাইল লেবাননে হামলা চালায়।

এপি প্রতিবেদন অনুসারে, ইসরাইল দক্ষিণ লেবাননের কয়েকটি শহর থেকে সেনা প্রত্যাহার করলেও, এখনও বিমান হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম শাব্বির বলেছেন, তার দল ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত।

an adbox will go here