ইশরাক হোসেনের শপথে বাধা নেই, রিট খারিজ করল হাইকোর্ট - দিগন্ত জার্নাল

ইশরাক হোসেনের শপথে বাধা নেই, রিট খারিজ করল হাইকোর্ট

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (২২ মে ২০২৫) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের এই আদেশের পর আইনজীবীরা জানিয়েছেন, এখন আর তার শপথ গ্রহণে কোনও আইনগত বাধা নেই।

ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহায়তায় ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

আদালতের আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “গড়িমসি না করে এখন সরকারের দায়িত্ব ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করা। হাইকোর্টের আদেশের পরও যদি শপথে বিলম্ব হয়, তবে তা হবে আদালত অবমাননা।”

এর আগে বুধবার হাইকোর্টে রিটের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। ১৪ মে মো. মামুনুর রশিদ নামের এক ব্যক্তি হাইকোর্টে রিটটি করেন। তিনি নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা হিসেবে দাবি করেন। রিটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা ছাড়াও তাকে নির্বাচিত ঘোষণা করা বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

এই আদেশের ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং সরকার ইশরাক হোসেনের শপথ কার্যকর করে কি না, তা নিয়ে সকলের দৃষ্টি এখন সরকারের দিকে। আইনজীবীরা আশা করছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুতই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

an adbox will go here