কিছুদিন পরেই তারেক রহমান দেশে ফিরবেন: সালাহউদ্দিন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে আরও কিছু সময় প্রয়োজন। তবে তিনি নিশ্চিত করেছেন, অল্প কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে আসবেন।
রোববার (৫ জানুয়ারি) প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তবে তার দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি, তাই কিছু সময় লাগবে।”
তারেক রহমানের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।”
এ সময় তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব। তবে তা কিংস পার্টির মত যেন না হয়।”