ইসরাইলে আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি তেলআবিবের
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২৫ মে ২০২৫
ইসরাইল দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। রোববার বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
টাইমস অব ইসরাইল জানায়, হামলার পরপরই বেনগুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়। ক্ষেপণাস্ত্রের একটি অংশ পশ্চিম তীরের দক্ষিণ হেব্রনের পাহাড়ি এলাকায় পড়ে থাকতে দেখা গেছে। তবে হতাহত বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত চার দিনের মধ্যে এটি তৃতীয় এবং চলতি মাসে পঞ্চমবারের মতো ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। ইসরাইল বলছে, এসব হামলা হুথি-নিয়ন্ত্রিত সামরিক বাহিনী চালাচ্ছে। তবে সর্বশেষ হামলা নিয়ে ইয়েমেন এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
গাজায় ইসরাইলি অভিযানের প্রতিক্রিয়ায় হুথি বাহিনী নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা গাজা ছাড়িয়ে এক আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।