ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলও সরে আসবে না: ইরান - দিগন্ত জার্নাল

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলও সরে আসবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ২৬ মে ২০২৫
তেহরান স্পষ্ট জানিয়েছে, চলমান পারমাণবিক আলোচনা চালিয়ে গেলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “এই অধিকার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ এবং তা সর্বতোভাবে রক্ষা করা হবে।” তিনি জোর দিয়ে বলেন, “তেহরান কোনো অবস্থাতেই এই বিষয়ে সামান্যতম নমনীয়তাও দেখাবে না।” মুখপাত্র আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পরবর্তী ধাপের সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি। ওমানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ঘোষণা করবে।

বাঘাই যুক্তরাষ্ট্রের ‘শূন্য সমৃদ্ধকরণ’ দাবিকে ইরানের সার্বভৌম অধিকার লঙ্ঘনের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন এবং বলেন, এটি প্রমাণ করে যে ওয়াশিংটন এখনো আন্তরিকভাবে আলোচনা করছে না। এর আগে, গত শুক্রবার ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স (সাবেক টুইটার)-এ জানান, আলোচনায় ইরানের নীতিগত অবস্থান পুনরায় স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও পেশাদার। তিনি আরও জানান, আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলোর প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে এবং সেগুলো নিয়ে দুই দেশের রাজধানীতে আরও বিশ্লেষণ হবে। এরপর পরবর্তী ধাপের সময় ও স্থান নির্ধারণ করা হবে।

an adbox will go here