ইস্কান্দার প্রতিরোধে ইউক্রেন 'অসহায়': রোস্তেকের দাবি - দিগন্ত জার্নাল

ইস্কান্দার প্রতিরোধে ইউক্রেন ‘অসহায়’: রোস্তেকের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ২৬ মে ২০২৬
ইউক্রেনের কাছে রাশিয়ার উন্নত প্রযুক্তির ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা রোস্তেক। সোমবার (২৬ মে) রুশ বার্তাসংস্থা তাস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়।

রোস্তেক জানায়, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতিতে ও জটিল, অপ্রত্যাশিত কৌশলে উড়ে যায়। চলার সময় এটি যে চাপ ও ঝাঁকুনি তৈরি করে, তা পশ্চিমা সামরিক জোটের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সহনক্ষমতারও বাইরে। সংস্থাটি আরও জানায়, ইউক্রেনের হাতে এমন কোনো ব্যবস্থা নেই যা দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা সম্ভব। শত্রুপক্ষ কেবল এদের গতিপথ পর্যবেক্ষণ করতে পারে এবং নিশ্চিত ধ্বংসের অপেক্ষা করে।

ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কী?

‘ইস্কান্দার-এম’ নামের এই স্বল্প দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত একাধিক লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য তৈরি। এটি রকেট নিক্ষেপ ব্যবস্থা, বিমানঘাঁটি, প্রতিরক্ষা ঘাঁটি, সামরিক দপ্তর এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত হানতে সক্ষম।

একটি ইস্কান্দার ইউনিটে ৫০টিরও বেশি যানবাহন ও সরঞ্জাম থাকে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী, পরিবাহী, কমান্ড ও রক্ষণাবেক্ষণকারী যান। এই ক্ষেপণাস্ত্রগুলো সরল ও ঘুরপথে চলতে পারে এবং প্রায় ৫০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রতিপক্ষকে বড় ধরনের কৌশলগত চাপে ফেলছে।

an adbox will go here