বাজেটে শিক্ষায় বরাদ্দ কমছে, মানসম্মত শিক্ষা নিয়ে শঙ্কা - দিগন্ত জার্নাল

বাজেটে শিক্ষায় বরাদ্দ কমছে, মানসম্মত শিক্ষা নিয়ে শঙ্কা

দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রকাশ- ২৯ মে ২০২৫

আসন্ন বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমানোর প্রস্তাব উঠেছে, যা চলতি অর্থবছরের তুলনায় ৩ থেকে ৪ শতাংশ কম হতে পারে। এতে শিক্ষার মান নিয়ে উদ্বেগ জানিয়েছেন শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে উন্নত দেশগুলো শিক্ষাকে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সেখানে বাংলাদেশে বরাদ্দ কমে যাওয়াটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। জাতিসংঘের ইউনেসকো শিক্ষায় জিডিপির ৫-৬% অথবা মোট বাজেটের ২০% বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে তা এখনো ২ শতাংশের নিচে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেন, “শিক্ষায় বরাদ্দের বেশিরভাগটাই যায় অবকাঠামো ও বেতনে, মান উন্নয়নে নয়। কারিগরি শিক্ষায় জনবল সংকট, যন্ত্রপাতির অভাব—সবই রয়েছে। প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব না দিলে ও দক্ষ মানবসম্পদে বিনিয়োগ না করলে উন্নয়ন থেমে যাবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেন, “শুধু অর্থ নয়, দরকার মানসম্পন্ন শিক্ষক ও যুগোপযোগী পাঠ্যক্রম। শিক্ষকতা যেন শেষ আশ্রয়স্থল না হয়, বরং প্রথম পছন্দ হয়—এটাই হওয়া উচিত।”
২০২৪-২৫ অর্থবছরে শিক্ষায় মোট বরাদ্দ ছিল ৯৪,৭১১ কোটি টাকা (বাজেটের ১১.৮৮%)। কিন্তু জিডিপির অনুপাতে এই বরাদ্দ ছিল মাত্র ১.৬৯%—যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।

বিশ্বে অবস্থান ও ভবিষ্যৎ প্রভাব
২০২৪ সালের গ্লোবাল এডুকেশন ইনডেক্সে বাংলাদেশ ১৪১টি দেশের মধ্যে ১১৩তম। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানও পিছিয়ে। শিক্ষাব্যবস্থায় পর্যাপ্ত গবেষণাগার, ল্যাব, প্রশিক্ষিত শিক্ষক ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের অভাব স্পষ্ট।

শিক্ষাবিদদের প্রস্তাব
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার মান উন্নয়নে চাই:

  • দক্ষ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ
  • আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম
  • গবেষণা ও ল্যাব সুবিধা
  • গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি
  • শিক্ষকতায় আকর্ষণ বাড়াতে সুযোগ-সুবিধা
    শিক্ষা বরাদ্দ কমানোর এই প্রস্তাব বাস্তবায়িত হলে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ‘মানসম্মত শিক্ষা’ অর্জন কঠিন হয়ে পড়বে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
an adbox will go here