এসএসসি পরিক্ষা মঙ্গলবার থেকে শুরু মানতে হবে ১৪ নির্দেশনা
ডেস্ক রিপোর্ট । সোমবার, ২০এপ্রিল ২০২৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
প্রত্যেক পরীক্ষার্থী শুধু নিবন্ধিত বিষয়েই অংশ নিতে পারবে। এছাড়া সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—সব অংশে আলাদাভাবে পাস করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই উপস্থিতিপত্র ব্যবহার করে সব পরীক্ষায় অংশ নিতে হবে।
ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম মেনে পরীক্ষা দিলে জটিলতা এড়ানো সম্ভব হবে। তাই পরীক্ষার্থীদের নির্দেশনাগুলো ভালোভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।