গাজামুখী গ্রেটা থুনবার্গ, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া - দিগন্ত জার্নাল

গাজামুখী গ্রেটা থুনবার্গ, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ৩০ মে ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সরব হতে এবার সরাসরি গাজা অভিমুখে যাত্রা করছেন সুইডেনের আলোচিত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি ও অন্যান্য কর্মীরা ফ্রিডম ফ্লোটিলা নামের একটি মানবিক জাহাজে করে রোববার গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ফ্লোটিলার এই অভিযানের লক্ষ্য গাজায় চলমান মানবিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ, ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের দাবি এবং আন্তর্জাতিক সচেতনতা তৈরি। এই জাহাজ অভিযানে অংশ নিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান-সহ একাধিক মানবাধিকারকর্মী।

রিমা হাসান জানান, অভিযানের উদ্দেশ্য হচ্ছে গাজায় মানবিক অবরোধ ও চলমান গণহত্যার নিন্দা, ইসরায়েলকে দেওয়া আন্তর্জাতিক দায়মুক্তির অবসান এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ। সম্প্রতি ফ্রিডম ফ্লোটিলার আরেকটি জাহাজে গাজার উদ্দেশ্যে যাত্রার সময় বিস্ফোরণ ঘটে, যেটির জন্য তারা ইসরায়েলি ড্রোন হামলাকে দায়ী করছেন। যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে গাজায় পাঠানো অনেক সহায়তা ইসরায়েল কর্তৃক ফিরিয়ে দেওয়ার কারণে চরম দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্বজুড়ে আলোড়ন তোলা গ্রেটা এবার সরাসরি এক মানবিক সংকটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। গাজা সফর তার একটি সাহসী প্রতিবাদী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

an adbox will go here