ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ৩১ মে ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে বিদায় জানালেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। এ সময় মাস্ক নিজেও সেখানে উপস্থিত ছিলেন।
ট্রাম্প বলেন, “ইলন এক কথায় দুর্দান্ত। তিনি অক্লান্তভাবে কাজ করেছেন। তার অবদানে আমরা দ্রুত পরিবর্তন আনতে পেরেছি, যা অন্যথায় কয়েক প্রজন্ম লাগত। আজ তিনি বিদায় নিচ্ছেন, তবে এটি সত্যিকারের বিদায় নয়। ভবিষ্যতেও তিনি আমাদের সঙ্গে থাকবেন কোনো না কোনোভাবে।”
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে অর্থসাহায্য দেওয়ার পর তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। পরে ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর মাস্ককে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ)”-এর প্রধান করা হয়। এই বিভাগটির মূল কাজ ছিল সরকারি ব্যয় হ্রাস এবং দক্ষতা বৃদ্ধি। কিন্তু মাস্ক দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পদক্ষেপ বিতর্কের জন্ম দেয়। সরকারি ব্যয় কমানোর নামে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়, বৈদেশিক সহায়তা স্থগিত রাখা হয় এবং গবেষণা ও উন্নয়ন খাতে ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়। এসব পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তায় ধস নামায়। চাকরিচ্যুত কর্মীরা আদালতে মামলা করেন, দেশের অভ্যন্তরেও সমালোচনার ঝড় ওঠে।
এ ছাড়া মাস্কের নিয়োগ নিয়ে কংগ্রেস ও রিপাবলিকান পার্টির অনেকেই অসন্তুষ্ট ছিলেন। কংগ্রেস এখনো ডজ-কে সরকারি বিভাগ হিসেবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি ট্রাম্পের একটি বিল স্বাক্ষর ঘিরে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়। মাস্ক প্রকাশ্যে তার সমালোচনা করেন—এতে করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের দূরত্ব চূড়ান্ত রূপ নেয়।