আফগান-পাক কূটনৈতিক সম্পর্কে নতুন ধাপ - দিগন্ত জার্নাল

আফগান-পাক কূটনৈতিক সম্পর্কে নতুন ধাপ

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০১ জুন ২০২৫
আফগানিস্তান ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তান তাদের কাবুল মিশন রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার একদিন পর, আফগানিস্তানও ইসলামাবাদে তাদের মিশনের মর্যাদা রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিয়েছে। শনিবার (১ জুন) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানায়। পারস্পরিকতার ভিত্তিতে ইসলামাবাদে আফগান মিশনের মর্যাদা চার্জ দ্য অ্যাফেয়ার্স থেকে রাষ্ট্রদূতে উন্নীত করা হবে।’

দুই দেশের রাজধানীতে দূতাবাস থাকলেও এতদিন তা রাষ্ট্রদূতের বদলে চার্জ দ্য অ্যাফেয়ার্স দ্বারা পরিচালিত হচ্ছিল। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক এই উন্নয়ন চীন-আয়োজিত সাম্প্রতিক বৈঠকের ফলাফল, যেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে দীর্ঘ ২,৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার অনেক অংশে নিরাপত্তাজনিত টানাপোড়েন চলছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড থেকে টিটিপি হামলা চালাচ্ছে। তবে তালেবান প্রশাসনের এক কমান্ডার এসব হামলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন।

এদিকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) সম্প্রসারণের উদ্যোগে আফগানিস্তানকে যুক্ত করার সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা জাগাচ্ছে। গত মাসে কাবুলে আফগান ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিরল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিরাপত্তা, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে গঠনমূলক আলোচনার অঙ্গীকার করা হয়। এই কূটনৈতিক অগ্রগতি দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

an adbox will go here