গাজার প্রতি সংহতিতে ইসরাইল ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথি বাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার , (৭ জুন ২০২৫) অবরুদ্ধ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরাইল অধিকৃত ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার রাতের এ হামলায় দখলকৃত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় বহু ইহুদি বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। ইসরাইলি সামরিক সূত্রও নিশ্চিত করেছে যে, ইয়েমেন থেকে ছোড়া অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডের দিকে আঘাত হানে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ইয়েমেনি নেতারা একাধিকবার ঘোষণা দিয়েছেন, তাদের এসব হামলা গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। তারা একে বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ কৌশলের অংশ বলে উল্লেখ করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ‘আল-আকসা ঝড়’ অভিযানের পর থেকে ইসরাইল গাজায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সেই থেকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বারবার সরাসরি ইসরাইলবিরোধী অবস্থান ঘোষণা করেছে এবং একাধিকবার সামরিক হামলা চালিয়েছে।