চিলির উত্তর উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প, প্রাণহানির খবর নেই
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) চিলির উত্তর উপকূলে শুক্রবার একটি ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৪ কিলোমিটার গভীরে, যা মাঝারি গভীরতার কম্পন হিসেবে ধরা হয়।
শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামির কোনো সতর্কতাও জারি হয়নি, কারণ ভূকম্পনটি গভীর স্তরে সংঘটিত হয়েছিল।
ঘটনাস্থলের স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগ সতর্ক রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
উল্লেখ্য, এই ভূমিকম্পের কয়েকদিন আগেই চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে শক্তিশালী ৭.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেটির কেন্দ্র ছিল অ্যান্টার্কটিকার কাছে কেপ হর্ন এলাকায় এবং গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ওই ভূমিকম্পের পর চিলি সরকার সুনামি সতর্কতা জারি করেছিল এবং একাধিক পরাঘাতও (aftershock) অনুভূত হয়।
চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যা ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামে পরিচিত একটি সক্রিয় ভূ-প্রাকৃতিক বেল্টের অংশ। ফলে দেশটিতে মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে।
নতুন ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা চিলির উপকূলীয় এলাকার নাগরিকদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।