“দেশের স্বার্থে ঐক্য চাই, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হোক” — হাসনাত আব্দুল্লাহ
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করব। দেশের মানুষের কল্যাণ এবং প্রত্যাশা পূরণই হোক আমাদের রাজনীতি।”
শনিবার ঈদের নামাজ শেষে কুমিল্লার দেবিদ্বারে এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সে স্বপ্ন বৃথা যেতে দেব না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করব।”
এদিন দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের জন্য ৪টি গরু কুরবানি দেন হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির নেতাকর্মীরা। পরে বৃষ্টিতে ভিজেই শহীদ পরিবারের বাড়িতে বাড়িতে কুরবানির গোশত পৌঁছে দেন তিনি নিজে। শহীদ রুবেল ও শহীদ সাব্বিরের পরিবারের খোঁজখবরও নেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আজ শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আজ তাদের জায়গায় আমাদেরও থাকতে পারত। শহীদদের রক্তের দায়ভার আমরা যেন পালন করতে পারি—সেই দায়িত্ব আমাদের সবার।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন—এপ্রিলে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যেই ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ দিতে হবে। পাশাপাশি, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে ভোটের পথ সুগম করতে হবে।”
হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা দেশের জন্য একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের দাবিগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষার দায় আমাদের সবার।”