বিশ্ব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন - দিগন্ত জার্নাল

বিশ্ব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার , (৭ জুন ২০২৫) সমগ্র বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি, যা রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রুশ ভাষায় ঈদুল আজহাকে ‘কুরবান বায়রাম’ বলা হয়। শুভেচ্ছাবার্তায় পুতিন বলেন, মুসলিমরা কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের শিক্ষা, দয়া এবং সহানুভূতির চর্চা করে থাকেন। এই মূল্যবোধগুলো সমাজে শান্তি ও সহাবস্থানের ভিত গড়ে তোলে।

পুতিন বলেন, “রাশিয়ায় মুসলিম সম্প্রদায় আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তারা তাদের সংস্কৃতি, শিক্ষা, সেবাপরায়ণ মনোভাব এবং গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাশিয়া ও তার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ অবদান সত্যিই স্বীকৃতি ও প্রশংসার দাবি রাখে।”

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৪ কোটি ৬০ লাখ। দেশটিতে সরকারিভাবে চারটি ধর্ম— খ্রিস্টান, ইসলাম, ইহুদি ও বৌদ্ধ— স্বীকৃত। এর মধ্যে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী, যারা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

an adbox will go here