টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ চাওয়া, ইউনূসকে চিঠি - দিগন্ত জার্নাল

টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ চাওয়া, ইউনূসকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০৮ জুন ২০২৫
যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নোবেলজয়ী ড. মুহাম্মুদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। তার ইচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার লন্ডন সফরের সময় এই বৈঠকটি হোক। টিউলিপ বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যে “ভুল বোঝাবুঝি” তৈরি হয়েছে, তা এই বৈঠকের মাধ্যমে দূর করতে চান। তিনি চিঠিতে লিখেছেন, “আমি যুক্তরাজ্যের নাগরিক। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক আগ্রহ নেই। দেশটি আমার হৃদয়ে থাকলেও আমার দেশ নয়।”

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ ও তার মা শেখ রেহেনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে, যার মধ্যে সাত হাজার ২০০ স্কয়ার ফুট জমি আত্মসাতের অভিযোগ রয়েছে। টিউলিপ এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, “আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। বরং এলোমেলো ঠিকানায় চিঠি পাঠানো হচ্ছে।”

সম্প্রতি বাংলাদেশে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু টিউলিপ জানান, তিনি বিষয়টি জানেন না। তাকে দেশে নিতে হলে যুক্তরাজ্যকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার পরিবার বাংলাদেশে ব্যাপক তদন্তের মুখোমুখি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের শুনানিও শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের অভিযোগ, শেখ হাসিনার পরিবার কাঠামোগত উন্নয়নের নামে বিলিয়ন পাউন্ড পাচার করেছে, যা তদন্ত করছে দুদক।

টিউলিপ মনে করেন, এই ‘ফ্যান্টাসি তদন্ত’ তার পেশাদার জীবন ও যুক্তরাজ্যের সংসদীয় দায়িত্বে প্রভাব ফেলছে। তাই ইউনূসের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে চান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

an adbox will go here