ইমরান খানের জামিন হতে পারে ১১ জুন - দিগন্ত জার্নাল

ইমরান খানের জামিন হতে পারে ১১ জুন

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০৯ জুন ২০২৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে জানিয়েছেন পিটিআই নেতা গওহর আলী খান। ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিল ও জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। গওহর আলী খান জানান, ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে যাচ্ছে। যদিও কেন সেটি গুরুত্বপূর্ণ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে আদালত ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) অনুরোধে শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে, যাতে সংস্থাটি তাদের যুক্তি প্রস্তুত করতে সময় পায়। এদিকে, পিটিআই নেতা গওহর জানান, অন্যান্য বিরোধী দলের সঙ্গে একত্রে একটি আন্দোলন শুরু করার পরিকল্পনা রয়েছে, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজেই। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরও জানান, ইমরান খানের মুক্তির দাবিতে ঈদুল আজহার পর দেশব্যাপী আন্দোলন শুরু হবে।

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। এতে তার বিরুদ্ধে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খান এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

an adbox will go here