ইরানের কৌশলগত বিকল্প সীমিত, পরিস্থিতি সঙ্কটপূর্ণ: সাবেক মার্কিন কূটনীতিক - দিগন্ত জার্নাল

ইরানের কৌশলগত বিকল্প সীমিত, পরিস্থিতি সঙ্কটপূর্ণ: সাবেক মার্কিন কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ১৫ জুন ২০২৫
ইসরাইলের টানা বোমাবর্ষণের মুখে ইরানের কৌশলগত বিকল্প এখন অত্যন্ত সীমিত ও নিরাশাজনক বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পরমাণু আলোচক অ্যালান আইয়ার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।আইয়ার বলেন, “ইরানকে অভ্যন্তরীণ জনমতের চাপে সামরিক প্রতিক্রিয়া জানাতেই হবে, কিন্তু বাস্তবে তারা ইসরাইলে এমন পর্যাপ্ত ক্ষয়ক্ষতি করতে পারবে না, যা ইসরাইলকে থামাতে বাধ্য করবে।”

তাঁর মতে, ইসরাইল প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র আঘাত সহ্য করার সামর্থ্য রাখে, তাই সীমিত প্রতিশোধমূলক হামলা তাদের আচরণে প্রভাব ফেলবে না। তিনি বলেন, “কূটনৈতিকভাবে ইরানের প্রভাব সীমিত, কারণ আন্তর্জাতিক অঙ্গনে তাদের মিত্র কম। তাছাড়া ইসরাইল ইতোমধ্যেই বহুবার প্রমাণ করেছে— আন্তর্জাতিক মতামতের তোয়াক্কা না করে তারা নিজেদের সামরিক লক্ষ্য পূরণে আগ্রহী।”

সাবেক এই কূটনীতিকের ভাষায়, “ইরানের সবচেয়ে বাস্তববাদী কৌশল এখন এই সংঘাত থেকে সম্মান রক্ষা করে বেরিয়ে আসা। যতটা কম ক্ষয়ক্ষতি করে মুখরক্ষা সম্ভব, তা করা উচিত। এরপর ইসরাইল হামলা বন্ধ করলে ইরান নতুন প্রতিরক্ষা কৌশল নিয়ে ভাবতে পারে।” তিনি সতর্ক করে বলেন, “পরবর্তী কৌশল হিসেবে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটতে পারে। এতদিন তারা কেবল সক্ষমতা ধরে রেখেছে, কিন্তু এবার বাস্তব চেষ্টায় নামতে পারে— আর সেটিই হবে সবচেয়ে বিপজ্জনক দিক।”
বিশ্লেষকদের মতে, ইরান সত্যিই যদি পারমাণবিক অস্ত্র অর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

an adbox will go here