পাকিস্তানে র-এর ছয় এজেন্ট গ্রেপ্তার, নাশকতা পরিকল্পনা নস্যাৎ - দিগন্ত জার্নাল

পাকিস্তানে র-এর ছয় এজেন্ট গ্রেপ্তার, নাশকতা পরিকল্পনা নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ – ২৬ জুন ২০২৫
পাকিস্তানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভণ্ডুল করেছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। ‘অপারেশন ইয়ালঘর’ নামে এক অভিযানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করা ছয় সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে একটি গুপ্তচর চক্রেরও সন্ধান মিলেছে।

জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। লাহোরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অপারেশনস শেহজাদা সুলতান জানান, বাহাওয়ালনগরে আসলাম ও আকবর আলী নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়, যারা বিএসএফ থেকে সরাসরি বিস্ফোরক সংগ্রহ করছিল। উপস্থিত ছিলেন সিটিডির এসএসপি ওয়াকার আজিম।

তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তারকৃতরা র-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিং-এর নির্দেশে কাজ করছিল। তারা বাহাওয়ালপুরের একটি মসজিদ ও রেলস্টেশনে হামলার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে বিস্ফোরক, ডেটোনেটর, আইইডি, সেফটি ফিউজ ও গোপন মানচিত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে।

অভিযানে আরও তিন র-এজেন্ট—আজম ওরফে জাজি, মঞ্জুর ওরফে ক্বারী এবং আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, দুবাই থেকে অর্থায়নে জড়িত জুলফিকারকে বাহাওয়ালপুরে আটক করা হয়। সিটিডি জানিয়েছে, অভিযুক্তদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কথোপকথনের অডিও রেকর্ডিংও পাওয়া গেছে, যেখানে টার্গেট হত্যা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল।

সিটিডির মতে, গত ২০ বছর ধরে ভারত রাষ্ট্রীয় মদদে পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বেলুচিস্তানে স্কুলবাসে বোমা হামলার ঘটনাও ভারতের সহায়তায় হয়েছে বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এআইজি সুলতান বলেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা রুখে দিতে প্রস্তুত রয়েছে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

an adbox will go here