তেহরানে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষায় সক্রিয় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার (২৯ জুন ২০২৫), ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে নিহত ৬০ জন উচ্চপদস্থ কর্মকর্তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগমুহূর্তে এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, ইসলামশহর এলাকায় বিস্ফোরণের পর আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান ছোড়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ও ভিডিওতেও এ ঘটনার সত্যতা পাওয়া গেছে।
তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে এই এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি রকেট তারা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্রতিহত করেছে। এর পরই দেশটির দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয় এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।