ইরান আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে: আইএইএ প্রধানের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
রবিবার (৩০ জুন ২০২৫), ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে— এমন সতর্কতা দিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। শনিবার সিবিএস নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং দেশটির প্রযুক্তিগত সক্ষমতা এখনও অটুট। গ্রোসি বলেন, “তারা যদি চায়, তবে কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে।”
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মূল্যায়ন অনুযায়ী, ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে। গত ১৩ জুন ইসরায়েল প্রথমে এবং পরে যুক্তরাষ্ট্র ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান-এ বিমান হামলা চালায়। কিন্তু এই হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও অস্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ক্ষয়ক্ষতি “গুরুতর” হলেও বিস্তারিত এখনো প্রকাশ হয়নি।
আইএইএর তথ্য অনুযায়ী, ইরান এরইমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা দিয়ে প্রায় নয়টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান রয়েছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান সর্বোচ্চ ৩.৬৭% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ইরান একের পর এক সীমা লঙ্ঘন করে আসছে। এদিকে, ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বাড়ছে। ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করলে আবারও বোমা হামলা চালানো হবে।
ইরানের পার্লামেন্ট ইতোমধ্যেই আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে, সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে। তবে আইএইএর মহাপরিচালক বলেন, এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে, যা কাজে লাগানো উচিত।