চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান, শক্তিশালী হচ্ছে আকাশ প্রতিরক্ষা - দিগন্ত জার্নাল

চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান, শক্তিশালী হচ্ছে আকাশ প্রতিরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫), চীনের কাছ থেকে ভূমি-থেকে-আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতেই এই উদ্যোগ নিয়েছে তেহরান।

মিডল ইস্ট আইকে এক আরব গোয়েন্দা কর্মকর্তা জানান, গত ২৪ জুন যুদ্ধবিরতির পর এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানে পৌঁছায়। আরেক কর্মকর্তা জানান, তেহরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র কিনেছে। ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেলই চীনে রপ্তানি হয়। এইচএইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্রসহ চীনের তৈরি বেশ কিছু আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ইতিমধ্যে পাকিস্তান ও মিসরও ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, ইরানও সেগুলোর একটি উন্নত সংস্করণ পেয়েছে।

ইরান বর্তমানে রাশিয়ার এস-৩০০, চীনের পুরোনো প্রযুক্তি এবং নিজেদের তৈরি খোরদাদ ও বাভার-৩৭৩ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে। তবে এগুলোর এফ-৩৫ যুদ্ধবিমান মোকাবেলায় সক্ষমতা সীমিত। ইসরায়েল সম্প্রতি ইরানে হামলায় এই স্টেলথ যুদ্ধবিমানই ব্যবহার করেছে।
ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ইরান ইতিমধ্যে বিভিন্ন সংবেদনশীল স্থাপনা হারিয়েছে। এরপরই চীন-ইরান অস্ত্র বাণিজ্যের এই নতুন ধাপ শুরু হলো, যা দুই দেশের কৌশলগত সম্পর্কের গভীরতাকেও নির্দেশ করে।

এই পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, কারণ চীন-ইরান ঘনিষ্ঠতা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক সামরিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।

an adbox will go here