বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের - দিগন্ত জার্নাল

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫), বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এসব শুল্ক কার্যকর হওয়ার কথা।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে জানিয়েছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, থাইল্যান্ডে ৩৬ শতাংশ এবং বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ‘লিবারেশন ডে’ উপলক্ষে যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল, বিশ্ববাজারে অস্থিরতার কারণে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই আবার নতুন করে কার্যকরের ঘোষণা এলো। তবে আলোচনার দরজা খোলা রেখেছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সময়সীমা চূড়ান্ত, তবে শতভাগ নয়। যদি কোনো দেশ ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার পছন্দ হয়, আমরা সেটাই করব।”

এই ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে—নাসডাক সূচক ০.৯% ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮% হ্রাস পেয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে একটি বিপজ্জনক বার্তা দিচ্ছে। তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তারা বেশ কিছু ঘোষণা দেবেন, যা হয়তো শুল্ক নিয়ে আন্তর্জাতিক আলোচনার পথ খুলে দিতে পারে।

an adbox will go here