পিটিআই বিক্ষোভে অংশ নিলে গ্রেপ্তার, হুঁশিয়ারি পাকিস্তানি উপদেষ্টার - দিগন্ত জার্নাল

পিটিআই বিক্ষোভে অংশ নিলে গ্রেপ্তার, হুঁশিয়ারি পাকিস্তানি উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫), পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যে বিক্ষোভের ডাক দিয়েছে, তাতে অংশ নিলে কাউকে ছাড় দেওয়া হবে না—সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৯ জুলাই) সামা টিভির ‘রেড লাইন উইথ তালাত হুসেন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রানা সানাউল্লাহ বলেন, “পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভের কথা বললেও, তারা জানে না তা কীভাবে করতে হয়। আগের আন্দোলনগুলো সহিংস ছিল। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।” তিনি জানান, প্রধানমন্ত্রী পিটিআইয়ের সঙ্গে সংলাপের জন্য স্পিকারের চেম্বারে আলোচনার প্রস্তাবও দিয়েছেন। তবে সহিংসতা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

ইমরান খানকে কারাগারে ‘৬ বাই ৮’ ফুট কক্ষে আটকে রাখার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “কারাগার মানেই কারাগার, বিভ্রান্তি ছড়াবেন না। বন্দির সংজ্ঞা অনুযায়ী সবকিছুই চলছে।”

পিটিআই নেতাদের বিরুদ্ধে সানাউল্লাহর হুঁশিয়ারি, “কারাগারের বাইরে থেকে যারা ইমরান খানের সঙ্গে আন্দোলন সমন্বয় করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবাদ নয়, এটি বোকামি।”
এদিন তিনি ইসলামাবাদে জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) প্রধান মাওলানা ফজলুর রেহমান ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে খাইবার পাখতুনখোয়ার সিনেট নির্বাচনসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

an adbox will go here