গাজা পরিস্থিতি নিয়ে 'সুখবরের' ইঙ্গিত দিলেন ট্রাম্প - দিগন্ত জার্নাল

গাজা পরিস্থিতি নিয়ে ‘সুখবরের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫), গাজা পরিস্থিতি নিয়ে আশাব্যঞ্জক ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, “আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে।” তবে এই ‘সুখবর’ ঠিক কী, তা বিস্তারিত জানাননি তিনি।

বৃহস্পতিবার বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে একটি বিল স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে বলেন, “আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন।” এই মন্তব্য এমন সময় এসেছে, যখন দোহায় কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলোচনায় “নাটকীয় অগ্রগতি” হয়েছে এবং একটি চুক্তির পথে বড় কোনো বাধা নেই। ইসরায়েলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে অতিরিক্ত নমনীয়তা প্রদর্শনের অনুমোদন দিয়েছেন, যা আলোচনার গতি বাড়িয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু। নিখোঁজ আছেন আরও ১০ হাজারের বেশি মানুষ এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

an adbox will go here