বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক:
রোববার, ২৭ জুলাই ২০২৫ | ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৩ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এই আদেশ দেন।
পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন—
- বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী,
- বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর।
আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। গত ২ জুন আদালত তা আমলে নেন এবং আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
তবে তারা রোববার আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ গ্রেফতারি পরোয়ানার আবেদন করে। বিচারক সেই আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২৮ আগস্ট পরোয়ানা সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।
মামলার পটভূমি
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি করেন। আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় “নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যা অনলাইনেও প্রকাশ করা হয়।
সংবাদে বলা হয়,
“নুসরাতের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, যিনি রাষ্ট্রবিরোধী গুজব ও অপপ্রচারকারী চক্রের অন্যতম হোতা। তাঁর বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রের একাধিক মামলা রয়েছে।”
সারোয়ার হোসেন দাবি করেন, তিনি নুসরাতের আইনজীবী নন, বরং মামলার নারাজি আবেদনের শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবী ছিলেন মাত্র।
এছাড়া, মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ইনসাইডার-এ “কে এই সারোয়ার” শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করা হয় এবং ‘ভাইরাল প্রতিদিন’ ফেসবুক পেইজেও তাঁর বিরুদ্ধে ‘উদ্দেশ্যেপ্রণোদিত’ কনটেন্ট ছড়ানো হয়।
সিআইডির তদন্তে আরও চারজনকে আসামি করা হয়—ওয়েবসাইটের অ্যাডমিন, ভিডিও প্রস্তুতকারী, বর্ণনাকারী ও টেকনিশিয়ান। তবে তদন্তে শুধুমাত্র তিনজনকে অভিযুক্ত করে ২০২৪ সালের ২০ নভেম্বর প্রতিবেদন দাখিল করেন সিআইডির এসআই তরিকুল ইসলাম।
– দিগন্ত জার্নাল | আইন ও বিচার বিভাগ