গাজায় প্যারাস্যুটে ২৫ টন খাদ্যপণ্য পাঠাল আমিরাত ও জর্ডান - দিগন্ত জার্নাল

গাজায় প্যারাস্যুটে ২৫ টন খাদ্যপণ্য পাঠাল আমিরাত ও জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সহায়তা পাঠানো শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। শনিবার (২৬ জুলাই) থেকে রোববার পর্যন্ত দুই দেশ মিলে প্রায় ২৫ টন খাদ্যপণ্য প্যারাস্যুটের মাধ্যমে গাজায় পাঠিয়েছে বলে জানিয়েছেন জর্ডানের এক কর্মকর্তা, বার্তাসংস্থা রয়টার্সকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাজার খান ইউনিস এলাকায় আকাশ থেকে প্যারাস্যুটে নামতে দেখা যায় বিভিন্ন খাদ্যপণ্য। যদিও এসব পণ্য আমিরাত ও জর্ডানের পাঠানো কি না, তা ভিডিও থেকেই নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইল এখন কেবল অস্ত্র নয়, খাদ্যকেও ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর দেওয়া ত্রাণ হামাসের হাতে চলে যাচ্ছে—এমন অজুহাত দেখিয়ে গাজায় খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে সেখানকার জনগণের জন্য চরম দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে।

এ পর্যন্ত খাদ্যাভাবে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২০ জনের। আন্তর্জাতিক চাপে সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশে অনুমতি দিয়েছে ইসরাইল। সেই সুযোগ কাজে লাগিয়ে প্যারাস্যুটের মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছে আমিরাত ও জর্ডান। তবে দাতব্য সংস্থাগুলোর মতে, এই সহায়তা যথেষ্ট নয়। তারা দ্রুত সীমান্ত ক্রসিংগুলো খুলে দিয়ে আরও অধিক পরিমাণে খাদ্য ও ওষুধ পাঠানোর দাবিও জানিয়েছে।

an adbox will go here