ত্রাণবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬৩, আহত বহু - দিগন্ত জার্নাল

ত্রাণবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬৩, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ প্রবেশের উদ্দেশ্যে ঘোষিত বিশেষ যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (২৭ জুলাই) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এসব হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণপ্রার্থী।

এর আগে গাজার তিনটি এলাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, মানবিক সহায়তা পৌঁছে দিতে সহায়তার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন কার্যকর থাকবে।

রয়টার্স জানায়, আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরাইল অবশেষে গাজার কিছু অংশে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা একটি নতুন ত্রাণ করিডোর চালুর কথাও জানায়।

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্যমতে, গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটির নির্দিষ্ট এলাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ রাখা হবে। এসব এলাকায় মার্চ মাস থেকে নতুন করে স্থল অভিযান শুরু হয়নি। এছাড়া প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাবার ও ওষুধবাহী গাড়িবহরের জন্য একটি নিরাপদ পথও চালু রাখার কথা জানায় তারা।

এদিকে, মিশরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ টিভি জানায়, রোববার থেকে মিসরের সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ পরিবহন শুরু হয়েছে। এর আগে, ইসরাইলি বিমান থেকেও ত্রাণ ফেলা শুরু করা হয় বলে জানানো হয়, যেটিকে তারা গাজার মানবিক পরিস্থিতি খানিকটা সহনীয় করতে নেওয়া উদ্যোগ বলে দাবি করে।

তবে জাতিসংঘ গত বৃহস্পতিবার অভিযোগ করে জানায়, গাজায় ঘোষিত মানবিক বিরতির ফলে ত্রাণ সরবরাহ কিছুটা বাড়ানো সম্ভব হলেও ইসরাইল এখনো ত্রাণবাহী গাড়িবহরের জন্য যথেষ্ট বিকল্প রুট দিচ্ছে না, ফলে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

an adbox will go here