বাড়তি শুল্কে আপসহীন মোদী, কৃষকের স্বার্থেই কড়া বার্তা - দিগন্ত জার্নাল

বাড়তি শুল্কে আপসহীন মোদী, কৃষকের স্বার্থেই কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫), যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়ানোর পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, দেশের কৃষক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কারও সঙ্গে কোনো আপসে যাবে না, প্রয়োজনে এর জন্য চড়া মূল্য দিতেও তিনি প্রস্তুত।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন মোদী। এনডিটিভির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বলেন, “কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপস করবে না।”

যুক্তরাষ্ট্রে ভারত থেকে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি হয়ে থাকে। কিন্তু ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক এই খাতকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, তারা যেন ভারতের বাজারে নিজ দেশের কৃষিপণ্য রপ্তানি করতে পারে, কিন্তু ভারতের আমদানি শুল্ক তুলনামূলক অনেক বেশি।

এর আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পরে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়া হয়, যা বুধবার কার্যকর করে মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে।

এনডিটিভির বিশ্লেষণ অনুযায়ী, এই শুল্ক আরোপের পেছনে অন্যতম কারণ হলো ভারতের কৃষি বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার চাওয়া, যা ভারত প্রত্যাখ্যান করেছে। মোদীর স্পষ্ট বার্তা তাই শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির প্রতিক্রিয়াও।

an adbox will go here