নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চারতলা বাড়ি দখলের অভিযোগ
দিগন্ত জার্নাল ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপির ৯নং ওয়ার্ড এলাকায় একটি চারতলা বাড়ি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলের নেতৃত্বে ১০০-১৫০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধর করে এবং বাড়ি দখল করে নেয়।
ভুক্তভোগী হাজী মমতাজ বেগম রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত অভিযোগ করেন। তিনি বলেন, ২০০১ সালে তিনি নিজের জমিতে চারতলা বাড়ি নির্মাণ করেন। এরপর ৫ আগস্ট বিএনপি নেতা মান্নান ও তার ছেলে খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এবং ৬ আগস্ট বাড়িটি দখল করে নেয়।
মমতাজ বেগম আরও জানান, দখলকারীরা প্রায় ৬০ থেকে ৭০টি গাছ কেটে নিয়ে যায় এবং বাড়ির মেইন গেট বন্ধ করে দেয়। তার অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। তিনি এখন পরিবার নিয়ে গৃহহীন হয়ে বাইরে অবস্থান করছেন। মমতাজ বেগম সরকারের কাছে সাহায্য কামনা করেছেন।
এদিকে, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান দাবি করেন, তিনি কারো বাড়ি দখল করেননি। বরং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন এবং তাঁর জমি দখল করে আওয়ামী লীগ সরকার আমলে ওই বাড়িটি নির্মাণ করা হয়েছে।