নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল ভিশন’–এর নিন্দায় বাংলাদেশসহ ৩১ দেশ - দিগন্ত জার্নাল

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল ভিশন’–এর নিন্দায় বাংলাদেশসহ ৩১ দেশ

আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার (১৬ আগস্ট ২০২৫), ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল ভিশন’ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশ। আরব ও ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিবগণ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

হিব্রু গণমাধ্যমে প্রকাশিত নেতানিয়াহুর মন্তব্যকে বাংলাদেশসহ মুসলিম দেশগুলো আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার চরম লঙ্ঘন এবং আরব জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক-আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।
এদিকে, উগ্রপন্থী ইসরাইলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীর সংলগ্ন অঞ্চলে বসতি পরিকল্পনার অনুমোদন দেন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেন—যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরব নেতারা বলেন, ফিলিস্তিনি ভূমি দখলের মাধ্যমে ইসরাইলের সম্প্রসারণবাদী নীতি, ধর্মীয় পবিত্র স্থানসমূহে (বিশেষ করে আল-আকসা মসজিদে) আঘাত, বসতি সন্ত্রাস, দৈনন্দিন অভিযান, শরণার্থী শিবির ধ্বংস ও জনগণকে উচ্ছেদের মতো পদক্ষেপগুলো সংঘাতকে আরও উসকে দিচ্ছে।

ইসরাইলের গণহত্যা, জাতিগত নির্মূল ও আগ্রাসী নীতির নিন্দা জানিয়ে আরব নেতারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি করেন।
এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয় যেন তারা ইসরাইলকে গাজা ও পশ্চিম তীরে চলমান হামলা বন্ধ করতে বাধ্য করে। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের আন্তর্জাতিক সুরক্ষা এবং স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারের বিষয়ে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সূত্র: আল জাজিরা

an adbox will go here