কেন্দ্রীয় শহিদ মিনারে হামলা: সারজিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজিত নাগরিক সমাবেশে( ৪ জানুয়ারী ২০২৫)শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ কয়েকজন আহত হয়েছেন। হামলার পেছনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের নাম উঠে এসেছে।
রোববার গণঅধিকার পরিষদ এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। সভাপতি নুরুল হক নুর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, “বারবার সারজিসের নাম আসছে। আশা করি, সে তার অবস্থান পরিষ্কার করবে।”
এদিকে, দলের সাধারণ সম্পাদক রাশেদ খান হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের আন্দোলনের হুঁশিয়ারি দেন।
হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, “মামলায় চারজনের নামসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।”
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান অভিযোগ করেন, হামলার নেপথ্যে সারজিস আলমের সম্পৃক্ততার প্রমাণ তিনি একটি ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন। এ বিষয়ে সারজিস আলম এখনো কোনো মন্তব্য করেননি।
শনিবার সমাবেশ চলাকালীন সময়েই ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।