সৌদি আরব: সব ভিসাধারী ওমরাহ করতে পারবেন
আন্তর্জাতিক ডেস্ক:
০৬ অক্টোবর ২০২৫: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। এতে ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট ও কর্মসংস্থানভিত্তিক ভিসা অন্তর্ভুক্ত।
রোববার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের অংশ, যা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরাহ খাতের সেবা বিস্তৃত হবে এবং আরও বেশি মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে। একই সঙ্গে এটি ভিশন–২০৩০ এর লক্ষ্য পূরণেও সহায়তা করবে।
সম্প্রতি মন্ত্রণালয় চালু করেছে ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’, যার মাধ্যমে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। প্ল্যাটফর্মে প্যাকেজ নির্বাচন, ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই সহজভাবে করা যাবে।
মন্ত্রণালয় আরও জানায়, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিবদ্ধ—পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা প্রদান এবং তাদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করার জন্য।