সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাবণ্য গ্রেফতার - দিগন্ত জার্নাল

সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাবণ্য গ্রেফতার

যুবলীগ নেত্রী গ্রেফতার, লাবণ্য চৌধুরী, যুবলীগ প্রতারণা, সিটিটিসি অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি, CTTC, Youth League Leader Arrest, Bangladesh News, Breaking News

রাজনীতি | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

রাজধানীর আফতাবনগর এলাকায় বিশেষ অভিযানে সাত মামলার ওয়ারেন্টভুক্ত যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য চৌধুরীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম। বুধবার রাতে এ অভিযান পরিচালিত হয়।

ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈন উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গ্রেফতার লাবণ্য চৌধুরীর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ মামলার গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে তাকে আটক করা হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার জিআর মামলা, সিরাজগঞ্জ সদর থানার সিআর মামলা এবং বংশাল থানার সিআর মামলা।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, লাবণ্য চৌধুরী নিজেকে যুবলীগের নেত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। সংগঠনে কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও তিনি বিভিন্ন প্রভাবশালী যুবলীগ নেত্রীদের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে রাজনৈতিক প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগীদের একাধিক অভিযোগ সিটিটিসি ও বিভিন্ন থানায় জমা পড়ে।

সূত্র জানায়, লাবণ্য দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করতেন। অবশেষে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসির কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবণ্য প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে তার গ্রেফতারে প্রতারিত ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

an adbox will go here