ডিইউজে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে প্রার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি - দিগন্ত জার্নাল

ডিইউজে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে প্রার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয়,ডিইউজে, নির্বাচন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, নির্বাচন স্থগিত, সাংবাদিক আন্দোলন, জাতীয় সংবাদ, প্রেসক্লাব, দিদারুল আলম, আমিরুল ইসলাম ওমর

#জাতীয়সংবাদ #ডিইউজে #সাংবাদিকইউনিয়ন #নির্বাচনস্থগিত #ঢাকা #DUJ #BreakingNews

জাতীয় সংবাদ । ২৫ অক্টোবর ২০২৫, শনিবার

ডিইউজে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ, প্রার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। আগাম ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হঠাৎ স্থগিত ঘোষণা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। শনিবারের (২৫ অক্টোবর) মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা না এলে কঠোর আন্দোলন ও আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ডিইউজের নোটিশ বোর্ডে টাঙানো এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ। ওই নোটিশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে উল্লেখ থাকলেও কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এ ঘোষণার প্রতিবাদে রাতেই রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলন করেন সংঘবদ্ধ প্রার্থীরা। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিদারুল আলম বলেন,
“নির্বাচনের ঘোষিত শিডিউল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি ও জমা সম্পন্ন হয়েছে। ১০০ জনের বেশি প্রার্থী নির্বাচন করছেন, তারা সবাই প্রচার চালাচ্ছেন। কিন্তু কোনো কারণ ছাড়াই নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এটি বেআইনি ও গঠনতন্ত্রবিরোধী।”

সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিএম আমিরুল ইসলাম ওমর বলেন,
“‘অনিবার্য কারণ’ বলে কোনো অস্পষ্ট অজুহাতে নির্বাচন স্থগিত করা মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশনকে স্পষ্ট কারণ জানাতে হবে—কার প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?”

জনকল্যাণ সম্পাদক পদপ্রার্থী ইস্রাফিল ফরাজী আল্টিমেটাম দিয়ে বলেন,
“শনিবার সন্ধ্যার মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। নইলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলনে নামবো এবং আদালতের দ্বারস্থ হবো।”

নির্বাহী সদস্য পদপ্রার্থী কেফায়েত শাকিল বলেন,
“ডিইউজে দীর্ঘদিন ধরে প্যানেলভিত্তিক নির্বাচনের কারণে রাজনৈতিক প্রভাবের শিকার। এবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—১৫ নভেম্বরেই নির্বাচন হতে হবে।”

প্রচার সম্পাদক পদপ্রার্থী শিমুল পারভেজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ, নির্বাহী সদস্য পদপ্রার্থী অন্তু মুজাহিদ, আবুল কালামসহ আরও অনেকে।

an adbox will go here