দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের
জাতীয় | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫:
ঢাকা | বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাঁর অভিষেক সম্পন্ন হয়। একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইসিএসএমই পৌঁছালে তাঁকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়। পরে তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও কর্মকর্তা পর্যায়ের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে কোর অব ইঞ্জিনিয়ার্সের বীরগাঁথা গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
সেনাপ্রধান আরও বলেন, “উন্নত বাংলাদেশ গড়তে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন সময়ের দাবি। সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।”
তিনি কোরের আধুনিকায়ন, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি আরও বলেন, জাতীয় সেতু, সড়ক, সামরিক স্থাপনা, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কোর অব ইঞ্জিনিয়ার্স ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএস মহাপরিচালক, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার, ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ও ইউনিট অধিনায়কবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলনে ২০২৫ সালের উন্নয়ন কার্যক্রম ও পরবর্তী সারা বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়। আধুনিক প্রযুক্তি ও সামরিক প্রকৌশল শক্তির অগ্রগতির মাধ্যমে দেশের উন্নয়নের সহযাত্রী হওয়ার আহ্বান জানান সেনাপ্রধান।