শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। পরোয়ানার আওতায় থাকা ব্যক্তিদের ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেফতারি পরোয়ানায় শেখ হাসিনার পাশাপাশি অন্তর্ভুক্ত আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বিচারিক কার্যক্রম নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এই বিচার ভবিষ্যতে গুমের মতো ঘৃণ্য অপরাধ রোধে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।” গুমের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ইমেজ পুনরুদ্ধারের লক্ষ্যে সঠিক বিচার কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ আদেশকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।